Wednesday, June 14, 2017

ডানবার'স নাম্বারঃ ১৫০

ফেসবুকের এই যুগে আমাদের বন্ধুর সংখ্যা বিশাল। অনলাইনে আমাদের অনেকের-ই হাজার খানেক বন্ধু আছে। কখনো মনে প্রশ্ন আসে কি যে একজন মানুষ সর্বোচ্চ কয়জন বন্ধু বানাতে পারে? একজন মানুষ কি ইচ্ছা করলে অসীম সংখ্যক বন্ধু বানাতে পারে নাকি সংখ্যাটি সসীম। উত্তর হচ্ছে, সংখ্যাটি সসীম, সীমিত এবং ব্রিটিশ নৃবিজ্ঞানী রবিন ডানবারের মতে, একজন মানুষ একটি নির্দিষ্ট সময়ে মোটামোটিভাবে সর্বোচ্চ ১৫০ জন বন্ধু রাখতে পারে। 


তবে এখানে বন্ধু বলতে শুধুমাত্র যাদের সাথে একটি স্থিতিশীল সম্পর্ক বজায় আছে, যেমন- যাদের সাথে একটি সময় অন্তর নিয়মিত দেখা হয়, কথা হয়, যাকে ও যার পরিবার সম্পর্কে আপনি জানেন, যার প্রতি আপনার কমবেশি মানসিক ভাললাগা, সহানুভূতি কাজ করে, তাদেরকেই বিবেচনা করা যাবে। ফেসবুকের বন্ধু বা অতি অল্প পরিচিত কাউকে বিবেচনা করা যাবে না।

ডানবারের মতে, মানুষ ও অন্যান্য প্রাইমেট ( শিম্পাঞ্জি, গরিলা, বানর ইত্যাদি)-দের মস্তিস্কের নিউকর্টেক্স অংশের আয়তনের উপর নির্ভর করে তারা মোটামোটি কয়জনের সাথে বন্ধুত্ব বা কোন স্থিতিশীল সম্পর্ক তৈরি করতে পারবে। যেমনঃ শিম্পাঞ্জির নিউকর্টেক্স গরিলাদের চেয়ে বড় এবং শিম্পাঞ্জিদের দলগুলোও গরিলাদের দলগুলোর চাইতে সংখ্যায় বড় হয়।
মানুষের জন্য ১৫০ সংখ্যাটির যথার্থতা প্রতীয়মান হয় কিছু তথ্য-উপাত্ত ও বাস্তব অভিজ্ঞতা থেকে। যেমন-পাথরযুগের মানব সভ্যতার যে নির্দশন পাওয়া যায়, তা হতে বোঝা যায় তখনকার দল-উপদল গুলোতে গড়ে ১৫০ জন করে সদস্য থাকত। বর্তমানে বিভিন্ন দেশের সেনাবাহিনীগুলোতে প্রতিটি ইউনিটে ১৫০ জনের বেশি রাখা হয় না। গোর-টেক্স (Gore-Tex) নামে একটি কোম্পানি আছে যারা তাদের প্রত্যেকটি বিল্ডিং-এ ১৫০ জনের বেশি স্টাফ রাখে না, কারণ তাদের অভিজ্ঞতা বলে যখনই ১৫০ জনের বেশি স্টাফ হয় তখনই পারস্পরিক সমন্বয় ও সার্বিক উৎপাদনশীলতা আশংকাজনকভাবে কমে যায় !!!

No comments:

Post a Comment